রায়পুরা চরাঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে বৈষম্য নিরসনের দাবিতে জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা দক্ষিণ শাখা। এতে প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন এর সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘রায়পুরা চরাঞ্চলবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন’। তিনি সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘চরাঞ্চলের দুই লক্ষ মানুষের জীবনের যেন কোন দাম নেই, তাদের সময়ের মূল্য নেই। এ অঞ্চলের হাজার হাজার প্রবাসী রক্ত পানি করে দেশে রেমিট্যান্স পাঠান, কৃষকরা ফসল উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা মেটান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতকিছুর পরও এই অঞ্চলের মানুষ শান্তি ও উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে চরাঞ্চলের ছয় ইউনিয়নের জনগণ তাদের অধিকারের কথা বলে আসছেন, কিন্তু আজো এর বাস্তবায়ন হচ্ছে না। অতীতে যারা রায়পুরার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা প্রতিবারই চরাঞ্চলের মানুষের সাথে প্রতারণা করেছেন। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, পরে ভুলে গিয়েছেন। চরের মানুষ তাদের চেহারাও আর দেখতে পায় না।’
মুহাম্মদ বদরুজ্জামান আরও বলেন, ‘আমাদের নেতারা পরিকল্পিতভাবে চরাঞ্চলে ঝগড়া লাগিয়ে সুবিধা নেন। একদিকে লাশ পড়ে অন্যদিকে তারা হাতিয়ে নেন টাকা। টেঁটাযুদ্ধ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ চরাঞ্চলের নিত্য ঘটনা। আমরা এই অপসংস্কৃতি বন্ধ চাই । এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যেন আমাদের নিয়ে স্বার্থের খেলায় মেতে উঠতে না পারে, আমাদের সবাইকে এ জন্য সজাগ ও সচেতন হতে হবে। একতার মাধ্যমে আমাদের দাবি আদায় করব এবং চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করব।’

রায়পুরা উন্নয়ন আন্দোলন এর সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান