চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারের কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “চামড়া শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৈদেশিক মুদ্রা আহরণকারী খাত। এই শিল্প বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ বিগত সরকার প্রতিবেশী দেশের পরিকল্পনার ফাঁদে পড়ে এ শিল্পকে প্রায় ধ্বংস করে দিয়েছে।”
তিনি বলেন, “বর্তমান সরকারের উচিত এই শিল্পকে রাহুমুক্ত করা। সুনির্দিষ্ট প্রতিবন্ধকতা চিহ্নিত করে একটি ন্যায্য ও বাস্তবভিত্তিক নীতিমালা তৈরি করতে হবে।”
মাওলানা গাজী আরও বলেন, “ঈদের আগের দিন ট্যানারি মালিকদের কিছু ব্যাংক লোন দিয়ে চামড়ার মূল্য নির্ধারণ করাই সরকারের দায়িত্ব নয়। বরং বিশ্ববাজারে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের চামড়াজাত পণ্যের বাজারে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার।”
তিনি সিন্ডিকেট ও চক্রভুক্ত কারসাজিকে চামড়া শিল্পের সবচেয়ে বড় বিপদ আখ্যা দিয়ে বলেন, “চামড়া বাজারে কারসাজি ও ধ্বংসাত্মক ভূমিকার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।”
হাআমা/
