ডাকসু নির্বাচন নিয়ে আজই চূড়ান্ত তারিখ ও কমিশন ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সোমবার (১৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে ডাকসু নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি প্রকাশের আহ্বান জানান তিনি।
বিন ইয়ামিন বলেন, “আমরা চাই আজকের সিন্ডিকেট সভা থেকেই দুইটি ঘোষণা আসুক—এক, ডাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন এবং দুই, নির্দিষ্ট তারিখ উল্লেখসহ নির্বাচনের সময়সূচি।”
তিনি আরও বলেন, “ডাকসু নিয়ে যখন আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় ককটেল উদ্ধার কিংবা বিস্ফোরণের ঘটনা একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যা নির্বাচনী উদ্যোগকে ব্যাহত করার অপচেষ্টা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের এসব কৌশলে দমিয়ে রাখা যাবে না।”
হাআমা/
