আমিরুল ইসলাম লুকমান >>
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব নেতাদের একযোগে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড, শিশুদের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের জন্য দায়ী নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে অনুরোধ করেন।
বুধবার (২৩ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, এক বিবৃতিতে আনোয়ার বলেন, গাজায় যা ঘটছে, তা মানবতার একটি কঠিন পরীক্ষা। পরিবার-পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, শিশুরা নিহত হচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মানবজীবন ও মর্যাদার এই ভয়াবহ অবমাননা বন্ধ হওয়া জরুরি।
তিনি আরো বলেন, এটি মৌলিক নৈতিকতার চরম লঙ্ঘন। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী জাতিগুলোকে এখন এক কণ্ঠে কথা বলতে হবে। যারা ইসরায়েলের ওপর প্রভাব ফেলতে পারে, তাদের এখন সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
গাজায় চলমান সংকটে খাদ্যাভাবের কারণে ইতোমধ্যে আরও ১৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে চারজন শিশু, মারা গেছে বলে জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘গণহত্যা ও বোমাবর্ষণ বন্ধে এবং অবরোধহীনভাবে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো প্রয়োজন।’
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ‘নৈতিক নেতৃত্ব’ প্রদর্শন করেন। এটাই সেই মুহূর্ত যখন আমাদের নিজেদের ঘোষিত মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে- বলেন আনোয়ার।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো জানান, মালয়েশিয়া গাজায় মানবিক সহায়তা ও মৌলিক মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, আমরা যেন নীরব দর্শক না হই। আমাদের বিবেকের অনুসরণ করতে হবে, কষ্টের প্রতিক্রিয়ায় সহমর্মিতা দেখাতে হবে এবং মানবতার স্বার্থে শান্তির পথ অনুসন্ধান করতে হবে।
সূত্র: ডেইলি জং।
এআইএল/
