ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আগামীকাল ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। সকাল ১১ টায় মেরুল বাড্ডা, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিবেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
৫ আগস্ট নাজাত দিবস এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে দুপুর ২ টায় জাগপা আয়োজিত সাংগঠনিক সভায় রাশেদ প্রধান বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাবো। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।
বক্তব্যে জাগপা মুখপাত্র, ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং উক্ত এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন।
রাশেদ প্রধান বলেন, গতবছর ০৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হ্যাট থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস, আজ বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের।
এআইএল/
