সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার মুদ্রায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তারা শামী পাউন্ড থেকে দুইটি শূন্য বাদ দিয়ে নতুন নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১৩ আগস্ট) জিও নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ ও আসাদ সরকারের পতনের পর শামী পাউন্ডের ক্রয়ক্ষমতা রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। তবে নতুন সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুরোনো মুদ্রার মান পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল কাদির হুসরিয়া সৌদি আরবের সরকারি গণমাধ্যম আল-আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা পাউন্ড থেকে দুই শূন্য বাদ দিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছি। এটি সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘সরকারি, বেসরকারি এবং কেন্দ্রীয় ব্যাংকের বিশেষজ্ঞদের নিয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তারা মুদ্রা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করছে। তবে নতুন নোট চালুর সুনির্দিষ্ট সময় এখনো নির্ধারিত হয়নি।’
২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শামী পাউন্ড তার মূল্যের ৯৯ শতাংশেরও বেশি হারিয়েছে। বর্তমানে এক ডলারের বিপরীতে প্রায় ১০ হাজার শামী পাউন্ডে লেনদেন হচ্ছে, যা যুদ্ধের আগে ছিল মাত্র ৫০।
মুদ্রার এ বিপর্যয় সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন এবং অর্থ স্থানান্তরকে মারাত্মকভাবে জটিল করে তুলেছে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
