বাংলাদেশের সঙ্গে যুদ্ধকে ‘ভুল’ বলে আখ্যা পাকিস্তানের আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রীর

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধকে ভুল বলে স্বীকার করেছেন পাকিস্তানের আজাদ কাশ্মীর সরকারের তথ্যমন্ত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর পৌত্র আল্লামা পীর মাজহার সাঈদ শাহ

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর ধূপখোলা মাঠে আন্তর্জাতিক সীরাত মহাসম্মেলনে নবী করিম ﷺ এর সীরাতের ওপর আলোচনা করতে গিয়ে তিনি বলেন,
‘৫০ বছর আগে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে, তা আমাদের ভুল ছিল। এ ভুলের পুনরাবৃত্তি আর করতে চাই না। এ ভুলের সংশোধনের কাজ করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ঘৃণার পরিবর্তে ভালোবাসা, বিদ্বেষের পরিবর্তে মহব্বত কায়েম করব। কালিমার আত্মীয়তায় বাংলাদেশও আমাদের, কাশ্মীরও আমাদের, তুর্কিও আমাদের, আরব জাহানও আমাদের, ইন্দোনেশিয়াও আমাদের, মালয়েশিয়াও আমাদের। আমরা সবাই এক আল্লাহর বান্দা।’

পীর মাজহার শাহ ঘোষণা দেন, ‘বাংলাদেশের পতাকা, পাকিস্তানের পতাকা, সৌদি আরবের পতাকা—সবই উড্ডয়ন করব। কিন্তু তার আগে নবীজির সীরাতের পতাকা উড্ডয়ন করে সারা দুনিয়াকে আলোকিত করব ইনশাআল্লাহ।’

এর আগে একইদিন রাজধানীর ঐতিহ্যবাহী ওয়ারির মসজিদে নূরে জুমার নামাজে ইমামতি করেন তিনি। মসজিদ কানায় কানায় পূর্ণ দেখে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। নামাজের অনেক আগেই মুসল্লিরা মসজিদে উপস্থিত হয়েছেন দেখে আমার খুব ভালো লেগেছে।’

তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ—আমরা সবাই ভাই ভাই।’

স্ত্রীর প্রতি ভালোবাসা, যত্ন ও কোমল ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ভদ্রলোকেরা কখনো স্ত্রীর ওপর হুকুম চালায় না বা খারাপ ব্যবহার করে না।’

তিনি আরও বলেন, ‘দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য অন্তর থেকে হিংসা, লোভ, পরনিন্দা ও ক্রোধসহ সব কুপ্রবৃত্তি দূর করতে হবে।’

খুতবায় পীর মাজহার শাহ ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উন্নতি এবং শাসক-জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির দোয়া করেন।

তিনি বলেন, ‘দেশীয় পরিচয় কখনো মুসলিমদের ঐক্যের জন্য বাধা হতে পারে না।’

আল্লামা পীর মাজহার সাঈদ শাহ ২৭ আগস্ট (বুধবার) ভোরে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশবরেণ্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার কাছে প্রিয়ভূমি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরীর রেখে যাওয়া ইসলামী দাওয়াত ও জ্ঞানের আলো এখানে গভীরভাবে ছড়িয়েছে। এ সফর দ্বিপাক্ষিক ভ্রাতৃত্ব, শিক্ষা-সংস্কৃতি ও দাওয়াতি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, সিরাত সম্মেলনে আরও বক্তব্য রাখেন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন (মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়), শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, (মুহতামিম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা) ও মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব, চরমোনাই)।

আলোচকদের একাংশ। ছবি: ৩৬ নিউজ

বিশেষ মেহমান হিসেবে আরও বক্তব্য রেখেছেন আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর), আল্লামা মামুনুল হক (শাইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আজিজিয়া, ঢাকা), মুফতি জাফর আহমাদ, মাওলানা ইমদাদুল ইসলাম (মুহতামিম, জামালুল কুরআন মাদরাসা, গেণ্ডারিয়া), অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ গলিয়া, মুফতি আব্দুল্লাহ ফারুক, মুফতি আমানুল হক (খতিব, ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদ, ঢাকা), মাওলানা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, মাওলানা রশিদ আহমাদ (মুহতামিম, জামিয়া ইসলামিয়া যবরাহীমিয়া, দারুল উলুম মেরাজনগর, ঢাকা), মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী (সহ-সভাপতি, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ), মাওলানা মুজিবুর রহমান (খতিব, বড় মোড়াবাড়ি কামে মসজিদ, ঢাকা) এবং মাওলানা হাবিবুল্লাহ (গেণ্ডারিয়া, ঢাকা)।

আরও বক্তব্য রেখেছেন মাওলানা আশেকে এলাহী (পীর সাহেব, উজানী), মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব, আবাসপুর), মুফতি হাবিবুল্লাহ মিসবাহ (সহ-সভাপতি, আঞ্চলিক সংগঠন), মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান, মাওলানা মুর্শিদুল আলম (সহ-সভাপতি, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ), আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল বাসেত খান, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, হাফেজ মাওলানা হাসান জামিল, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রেজাউল করীম আবরার এবং মাওলানা রিজওয়ান রফিকী।

সম্মেলনটির সভাপতিত্ব করেছেন মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, সভাপতি, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ। পরিচালনায় থাকবেন মুফতি মুজিবুর রহমান (মহাসচিব, জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ), মাওলানা আনোয়ার হামিদী ও মুফতি হাবিবুর রহমান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222