ভারতীয় জনপ্রিয় লেখক অমীশ ত্রিপাঠি বলিউডের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, শনিবার (৩১ আগস্ট) মুম্বাইয়ে তার নতুন বই ‘দ্য চৌলা টাইগার্স, অ্যাভেঞ্জার্স অব সোমনাথ’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অমীশ ত্রিপাঠি অভিযোগ করে বলেন, বলিউড অনেক ঐতিহাসিক চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
তিনি উদাহরণ হিসেবে পদ্মাবত ও জোধা আকবর সিনেমার নাম উল্লেখ করেন। তার মতে, এসব ছবিতে মুসলিম শাসক আকবর ও আলাউদ্দিন খিলজির মতো বিখ্যাত শাসকদের নিয়ে অবাস্তব ও ইতিহাসবিকৃত করে পর্দায় দেখানো হয়েছে।
তিনি আরও জানান, ঐ সময়কালে উর্দু ভাষা প্রচলিত ছিল না। বরং শাসকরা মূলত ফারসি বা তুর্কি ভাষায় কথা বলতেন। অথচ সিনেমায় তাদের উর্দুভাষী হিসেবে দেখানো হয়েছে, যা ইতিহাস বিকৃতির শামিল।
অমীশ ত্রিপাঠি বলেন, চলচ্চিত্র শিল্পের দায়িত্ব হলো ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা। কারণ সিনেমা মানুষের জ্ঞান ও চিন্তায় প্রভাব ফেলে। কিন্তু বলিউড জনপ্রিয় অভিনেতাদের দিয়ে ভুলভাবে ঐতিহাসিক চরিত্র উপস্থাপন করছে, যা ইতিহাস বিকৃতির সমান।
উল্লেখ্য, পদ্মাবত চলচ্চিত্রে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং এবং মুখ্য চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন। ছবিটি নির্মাণ করেছিলেন সঞ্জয় লীলা বনসালি।
অন্যদিকে, জোধা আকবর সিনেমায় হৃত্বিক রোশন আকবরের চরিত্রে অভিনয় করেন, যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চনও মুখ্য ভূমিকায় ছিলেন। দুই ছবিতেই অভিনয়ের জন্য শিল্পীরা দর্শকপ্রশংসা কুড়ালেও ইতিহাসবিদদের সমালোচনার মুখে পড়ে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
