পাকিস্তান–চীন অর্থনৈতিক করিডরে আফগানিস্তানকে যুক্ত করায় কাবুলের স্বাগত

by hsnalmahmud@gmail.com

পাকিস্তান–চীন অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার চীনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ইমারাতে ইসলামিয়া সরকার ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, চীন নীতিগতভাবে আফগানিস্তানকে সিপিইসি প্রকল্পে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ, কাবুল ও বেইজিংয়ের মধ্যে চলমান ত্রিপাক্ষিক আলোচনার অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে, যার বিস্তারিত এখনো চূড়ান্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও জানান, গত ২০ মে চীনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আফগানিস্তানকে সিপিইসিতে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এ সময় দুটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল—একটি পাকিস্তান–আফগানিস্তান–উজবেকিস্তান রেললাইন এবং অন্যটি পেশাওয়ার–কাবুল মহাসড়ক। চীনা পক্ষ নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় চীনের এ উদ্যোগকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেন, ‘চীনের এ পদক্ষেপ আফগানিস্তানের জন্য অত্যন্ত লাভজনক। আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সম্ভব হবে।’

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তবে বিদ্যমান সমস্যাগুলো সমাধান হবে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। অন্যথায় সিপিইসি বা আফগান ট্রানজিটের মতো আঞ্চলিক প্রকল্পগুলো দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন প্রভাব ফেলবে না।

অর্থনৈতিক বিশ্লেষক মীর শাকির ইয়াকুবি বলেন, ‘যদি পাকিস্তান তার প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে এসব প্রকল্পের মাধ্যমে সম্পর্ক বিস্তৃত হবে। কিন্তু সদিচ্ছা না থাকলে বড় কোনো পরিবর্তন আসবে না।’

বর্তমানে সিপিইসিতে আফগানিস্তানের অন্তর্ভুক্তির পাশাপাশি আফগান ট্রানজিট পরিবহন প্রকল্প, কাসা-১০০০ বিদ্যুৎ প্রকল্প, টাপি ও ট্যাপ প্রকল্পও কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তান, পাকিস্তান ও প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। সূত্র: টোলো নিউজ

অনুবাদ: হাসান আল মাহমুদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222