রাজধানীতে ডাকাতির মতো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিসি মাসুদ বলেন, “গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ধরনের অপরাধচক্রের শেকড় অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় ডিসি মাসুদ সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন, “কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।”
হাআমা/
