বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
গণতান্ত্রিক ছাত্রসংসদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে হাসিবুল ইসলামকে প্রার্থী করেছিল গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। কিন্তু প্যানেল ঘোষণার তিন দিনের মাথায় ‘বিদ্রোহ’ করে বসেন হাসিবুল। তিনি সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
হাসিব তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘সত্য আর ন্যায়ের মিছিলে আমি সব সময় থাকতে ওয়াদাবদ্ধ। গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরেও সক্রিয়ভাবে কাজ করতে হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। এবারের ডাকসু নির্বাচনে তাদের প্যানেলের নাম বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। কিন্তু প্যানেলের বাইরে এজিএস পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সংগঠনটির চার নেতা। একইভাবে সম্পাদকীয় পদেও সংগঠনটির অন্তত চারজন নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এ ছাড়া সদস্য পদে সংগঠনের প্যানেলের বাইরে গিয়ে নির্বাচন করেন তিনজন।
এনআর/
