১০ দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাকিস্তানে অবস্থান করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় গুলশান-২ এর বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান নাসিমুল গনি। সেখান থেকে দুপুর দেড়টায় বিমানে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।
সচিবের সফরসঙ্গী প্রসঙ্গে জানা যায়, এই সফরে সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান। আগামী ২৬ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরটি মূলত দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকে ঘিরে। তবে এর পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফর সহজতর করা, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানোর মতো বিষয়ও এজেন্ডায় থাকতে পারে।ৎ
এআইএল/
