চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুর শহরে হেলেপড়া দুটি বহুতল ভবন ঘিরে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। হঠাৎ করেই এক ভবন আরেকটির দিকে ঝুঁকে পড়ায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ভীতি।
বিষয়টি জানাজানি হলে রোববার (৩ মে) দুপুরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুটি ভবনে সতর্কীকরণ নোটিশ টানিয়ে দেওয়া হয় এবং বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবন ত্যাগের পরামর্শ দেওয়া হয়।
ঘটনাস্থল শহরের পালপাড়া এলাকা। এখানে পাশাপাশি অবস্থিত মো. শাহ আলম ঢালী ও মো. শাহজাহানের চারতলা দুটি ভবনের মধ্যে একটি হেলে পড়েছে। এতে শুধু ভবন দুটির বাসিন্দারাই নয়, আশপাশের লোকজনও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভবন মালিক মো. শাহ আলম ঢালী জানান, তিনি ২০১২ সালে পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন। তবে পাশের ভবনটি তার ভবনের দিকে হেলে পড়ায় তিনি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। বিষয়টি তিনি লিখিতভাবে পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন।
অন্যদিকে, আরেক ভবনের মালিক মো. শাহজাহান জানান, ২০১৫ সালে নির্মিত তার ভবনে কী কারণে এমন সমস্যা দেখা দিয়েছে, তা তিনি নিশ্চিত নন। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে নির্মাণকাজ সঠিকভাবে তদারকি করতে না পারার বিষয়টিও তিনি স্বীকার করেন।
চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন জানান, প্রাথমিক পরিদর্শনে নির্মাণ ত্রুটির কারণে একটি ভবন হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুটি ভবনই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার বাসিন্দারা জানান, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় তারা চরম উদ্বেগে রয়েছেন।
পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবন মালিক ও ভাড়াটিয়াদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবন ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
