মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
শাপলা না দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন মানবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নিবন্ধন না হলে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন আসে না। শাপলা না দেওয়ার আইনী বা রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। তাই না দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে ইসির।’
এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘প্রতীককে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে ইসির মধ্যে। এ মাসেই সেটি পরিষ্কার হবে। শাপলা না দিলে ইসিকে এর ব্যাখ্যা দিতে হবে। নয়তো ধান ও সোনালী আঁশ বাদ দিতে হবে। ইসির সামনে দুটি পথ খোলা।’
নাসীরুদ্দীন বলেন, ‘ইসি উদ্ভট আচরণ করছে। তবে এখনো তাদের পদত্যাগ চাইছে না এনসিপি। শুধু প্রতীক নিয়ে এতবার আলোচনা এনসিপি ও ইসির ইমেজের জন্য ভালো নয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গত ২৪ সেপ্টেম্বর রাতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।
এমএআর/
