সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেছেন আল-শারা। বুধবার মস্কো পৌঁছে তিনি রাশিয়াকে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হস্তান্তরের জন্য অনুরোধ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, “শারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধীদের, বিশেষ করে বাশার আল-আসাদকে হস্তান্তরের অনুরোধ করবেন।”
গত বছরের ৮ ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নিয়েছিলেন আল-আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, বুধবার ক্রেমলিনে আল-শারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সাধারণ স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
আল-শারা বৈঠকে বলেন, “আমরা অতীতের সব চুক্তি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ইতিহাসকে সম্মান করি। এখন সেই সম্পর্ক পুনরুদ্ধার এবং নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি।”
এরই মধ্যে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আল-শারাকে স্বাগত জানিয়ে দুই দেশের বিশেষ সম্পর্কের প্রশংসা করেছেন।
এই সফর আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরের সময়ে সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে। সূত্র: এএফপি
হাআমা/
