জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নীতিনির্ধারণে দেশে এখন চরম অস্থিরতা ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। তার ভাষায়, “অশান্তির জন্য যদি কোনো নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকত, বাংলাদেশ সেটির যোগ্য প্রার্থী হতো।”
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনে দলটির অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জিএম কাদের বলেন, “বর্তমান সরকারের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বহু দেশ আমাদের নাগরিকদের ভিসা দিতে অনিচ্ছুক, আবার তাদের নাগরিকদেরও বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে। এটি দেশের ভাবমূর্তির জন্য গভীর উদ্বেগের বিষয়।”
তিনি আরও বলেন, “দেশকে বর্তমান অবক্ষয় থেকে রক্ষা করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা জরুরি। বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তাই তাদের বিদায় নেওয়া দেশের জন্য মঙ্গলকর হবে। আগামী তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।”
সম্প্রতি (১১ অক্টোবর) কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা প্রসঙ্গে জিএম কাদের বলেন, “কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে সমাবেশে হামলা চালায়। এতে আমাদের নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেন। এটি সরকারের রাজনৈতিক পক্ষপাতের প্রকাশ।”
তিনি অভিযোগ করেন, “সরকারের এমন আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার মাধ্যমে সরকার প্রমাণ করছে যে তারা কোনো নিরপেক্ষ নির্বাচন চায় না।”
সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী ও দফতর সম্পাদক মাহমুদ আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
হাআমা/
