যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘নো কিং’ শিরোনামে যুক্তরাষ্ট্রের ২,৭০০ শহরে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুধু শিকাগোতেই প্রায় আড়াই লাখ মানুষ রাস্তায় নেমেছে।
বিক্ষোভকারীরা অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে চালানো অভিযানের এবং বিভিন্ন অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের তীব্র নিন্দা জানায়। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিকে ‘স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক’ আখ্যা দিয়ে ‘ট্রাম্প প্রশাসনের অবসান চাই’ স্লোগান তোলে।
আমেরিকান গণমাধ্যম জানিয়েছে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে সেনা মোতায়েন ও অভিবাসীদের ওপর দমনমূলক অভিযান চালানোর ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প স্বৈরশাসন ও সামরিক নিপীড়নের পথে এগোচ্ছেন।
দেশজুড়ে প্রতিবাদের গতি ক্রমেই তীব্র হচ্ছে এবং পর্যবেক্ষকদের মতে, এই আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হতে পারে।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজেকে কোনো রাজা মনে করি না।’ রিপাবলিকান নেতারা এই আন্দোলনকে ‘আমেরিকাবিরোধী’ আখ্যা দিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: সিএনএন, জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
