মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, ‘গাজার চিত্র এমন যেন সেখানে পরমাণু বোমা ফেলা হয়েছে।’
সম্প্রতি কুশনার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে গাজার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাজার মানুষের দুরবস্থা নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে এক সাংবাদিক যখন জানতে চান, ‘আপনি গাজায় কী দেখেছেন?, উত্তরে কুশনার বলেন, ‘গাজার দৃশ্য ছিল যেন সেখানে একটি পরমাণু বোমা বিস্ফোরিত হয়েছে।’
কুশনার আরও জানান, তিনি ইসরায়েলি সেনাদের জিজ্ঞাসা করেছিলেন, ‘এই ধ্বংসস্তূপের মাঝে ফিলিস্তিনিরা কোথায় যাচ্ছে?’ এর উত্তরে সেনারা জানান, অনেকেই নিজেদের ভাঙা বাড়িতে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ ধ্বংসাবশেষের ওপর তাবু ফেলছেন।
তিনি বলেন, ‘এটা ভয়াবহ দৃশ্য, ওদের মাথা গোঁজার মতো জায়গা নেই। এ এক মানবিক বিপর্যয়।’
সাক্ষাৎকার চলাকালীন একজন মার্কিন সাংবাদিক প্রশ্ন করেন, ‘তাহলে কি এটা গণহত্যা (genocide) নয়?’ জারেড কুশনার উত্তরে বলেন, ‘না, আমি একে গণহত্যা বলব না, কিন্তু শিশুদের হত্যাযজ্ঞ ঘটেছে—এটা সত্য।’
একই সাক্ষাৎকারে উপস্থিত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকার করতে অস্বীকার করেন।
কুশনার আরও বলেন, ‘ইসরায়েল যদি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে সংহত হতে চায়, তবে তাদের ফিলিস্তিনিদের উন্নয়নের সুযোগ দিতে হবে।’
বিশ্লেষকরা বলছেন, কুশনারের এই মন্তব্য ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
