বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বর্তমান বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা। তিনি আরও উল্লেখ করেন, এক মসজিদে নামাজের পর ইমাম জানিয়েছেন, এই বেতনে তাদের চলাফেরা ও জীবিকা অত্যন্ত কষ্টসাধ্য, পুরো দিন মসজিদে অবস্থান করতে হয় এবং তাদের সমস্যার কথা বলার কোনো ব্যবস্থা নেই।
সরজিস আলম জানান, এনসিপি এই পরিস্থিতি তুলে ধরার পর মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। প্রস্তাব করা হয়েছে, সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন আপাতত যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকায় বৃদ্ধি করা হোক। ধর্ম উপদেষ্টা বিষয়টিকে যৌক্তিক মনে করেছেন এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের অনেক মসজিদে ইমাম ও মুয়াজ্জিনরা এখনও মাসে মাত্র ৫ হাজার টাকাও বেতন পান না। তাই একটি সুষ্ঠু প্রক্রিয়ায় দেশের সব মসজিদে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নিয়মিত বেতন কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।
হাআমা/
