নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইমন মিয়া (২২) হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামি আল মাহবুব (৩৭) ও দিল মোহাম্মদকে (৬৫) গ্রেপ্তার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
মামলার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাত ৮টার সময় মামলার ৯ নং আসামি এমরান একটি অটোরিক্সা চুরি করে পালানোর সময় আড়াইহাজার থানাধীন মারুয়াদী বাজারের লোকজন কর্তৃক আটক হয়। তখন সিরাজ মিয়া, তার ছোট ছেলে ইমন ও বড় ছেলে ফয়সাল ঘটনাস্থলে যায়। এজাহার নামীয় আসামীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে এমরানকে ছাড়িয়ে নেওয়ার সময় স্থানীয় জনগণের সাথে তাদের হাতাহাতি হয়। আসামীরা ইমনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় বাদী আসামীদের নামে অভিযোগ দায়ের করলে আড়াইহাজার থানার মামলা নং-১০ তাং- ০৮/১০/২০২৫ ইং ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩০৭/৩৪ রুজু করা হয়।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন রনি হত্যাকাণ্ডে জড়িত ৬ নং আসামী আল মাহাবুব (৩৭) ও তার বাবা ৮ নং আসামী দিল মোহাম্মদকে (৬৫) খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানাধীন ইসলামপুর এলাকা থেকে গত ২১ অক্টোবর গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী আল মাহাবুব (৩৭) ও দিল মোহাম্মদ(৬৫) ইমনকে অন্য আসামীদের সহায়তায় হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আদালত তাদের ৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান কার্যক্রম অব্যাহত আছে।
এআইএল/
