যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে ঘৃণাত্মক হামলা থেকে সুরক্ষা দিতে অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টারমার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সঙ্গে ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের একটি মসজিদ পরিদর্শন করেন। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ওই মসজিদের প্রবেশদ্বারের পাশে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
মুসলিম কমিউনিটির নিরাপত্তা জোরদার করার ঘোষণায় স্টারমার বলেন, ‘আমরা আমাদের সহনশীলতার ঐতিহ্যে গর্বিত। কোনো সম্প্রদায়ের ওপর হামলা মানে গোটা জাতির ওপর এবং আমাদের সহনশীল মূল্যবোধের ওপর আঘাত।’
তিনি আরও বলেন, এই তহবিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ও সুরক্ষার অনুভূতি জোরদার করবে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘মসজিদের ওপর হামলাটি ছিল এক ভয়াবহ অপরাধ, যার পরিণতি আরও বিপর্যয়কর হতে পারত।’
সূত্র: বর্ডার টেলিগ্রাফ, গালফ নিউজ ও জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
