রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই নোটিশ পাঠানো হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান ঢাকা জজকোর্টের আইনজীবী এনামুল হক নবীন।
আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, গত ২৭ অক্টোবর আবুল কালাম আজাদের নিহত হওয়ার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা এবং তার পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দেয়ার কথা জানায়; যা খুবই সামান্য, বাস্তবতা বিবর্জিত এবং অস্পষ্ট ও অবমাননাকর। কালাম নিহত হওয়ায় নোটিশগ্রহীতারা ক্ষতিপূরণ ও তার পরিবারের জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা হিসেবে ১০ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে দেবেন এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এআইএল/
