মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উপদেষ্টা এবং সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার যাদবপুর বাজার এলাকায় জামায়াতে ইসলামী যাদবপুর ইউনিয়নের গণসংযোগ কর্মসূচি শেষে জামায়াত ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাতেই হাসপাতালে গিয়ে আহতদের অবস্থার খোঁজখবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উপদেষ্টা এবং সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দও তার সঙ্গে ছিলেন।
মাওলানা সরোয়ার হোসেন বলেন,“রাজনীতির নাম করে সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক রাজনীতিতে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু হামলা-সংঘর্ষ সমর্থনযোগ্য নয়। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।”
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,“ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এনএ/
