আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এবছরের উন্মুক্ত মাঠে আয়োজিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আজহারী বলেন, গত বছর দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের অংশগ্রহণে প্রতিটি প্রোগ্রামেই ছিল উপচে পড়া জনসমাগম। এসব বিশাল জনসমাবেশ সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি লিখেছেন, “বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক দলের সভা-সমাবেশে মোতায়েন থাকবে। আমাদের পক্ষ থেকে বড় কোনো তাফসির প্রোগ্রাম আয়োজন করলে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে, যা জাতীয় স্বার্থে কাম্য নয়।”
এই পরিস্থিতি বিবেচনায় আজহারী বলেন, “জাতীয় স্বার্থে নির্বাচনের আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না। তাই উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এবছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে ইন শা আল্লাহ আবারও মিলিত হবো।”
এছাড়া, নিজের প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন-এর কার্যক্রম নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি। আজহারী বলেন, “শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এ-বছরই হাসানাহ ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে ফাউন্ডেশনের কার্যক্রমে এখন পুরোপুরি আত্মনিয়োগ করতে হচ্ছে।”
সবশেষে তিনি সবার দোয়া কামনা করে লিখেছেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দুআ প্রত্যাশা করছি।”
হাআমা/
