বাংলাদেশের আমদানি নীতি পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার পেঁয়াজ বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের প্রধান রপ্তানি বাজার ছিল বাংলাদেশ। সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা আশানুরূপ পরিমাণে পেঁয়াজ কিনছে না। এতে সরাসরি ধাক্কা খেয়েছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারক ও কৃষকরা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন এসব তথ্য উঠে আছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আগের মতো ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভর করছে না। এর ফলে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ ও গুজরাটের কৃষকদের হাতে থাকা বিপুল পরিমাণ পেঁয়াজ লোকসানে বিক্রি করতে হচ্ছে। রপ্তানি কমে যাওয়ায় দেশটির পাইকারি বাজারেও ব্যাপক মন্দা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ ভারতের নিজস্ব নীতি–অস্থিরতা। ফলে বড় আমদানিকারক দেশগুলো বিকল্প উৎস খুঁজতে শুরু করে। বাংলাদেশও ধীরে ধীরে ভারত-নির্ভরতা কমিয়ে পাকিস্তান, চীন এবং মিয়ানমারের দিকে ঝুঁকছে।
এছাড়া ভারতীয় বীজ ব্যবহার করে প্রতিবেশী দেশগুলো নিজস্ব উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। পেঁয়াজ বীজের নিয়ন্ত্রণ হারানো ভারতের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। কারণ এক সময় যারা ভারত থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করত, তারা এখন নিজেদের উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে—ফলে ভারতের বাজার সংকুচিত হচ্ছে।
রপ্তানিকারকরা অভিযোগ করছেন, বাংলাদেশের বাজার হারানোর প্রভাব এখন সবচেয়ে বেশি পড়ছে তাদের ওপর। এক সময় যেখানে বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে বড় ক্রেতা, সেখানে এখন অর্ডার প্রায় নেই বললেই চলে। ফলে আন্তর্জাতিক বাজারমূল্য ভারতের উৎপাদন খরচের নিচে নেমে গেছে, যা কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে।
এআইএল/
