ডেস্ক রিপোর্ট:
লক্ষ্মীপুরে একটি ওয়ার্কশপে দেশীয় অস্ত্র তৈরির সন্ধান মিলেছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সেখান থেকে পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে ওয়ার্কশপ মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে ডিবি পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ওয়ার্কশপ মালিক জিতু পাশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, “সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে জিতু দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ ব্যবসা করে আসছেন। এর আড়ালে তিনি দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরি করছিলেন।” গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মালিক জিতু পালিয়ে যায়। পুলিশ ওই দোকান থেকে একটি দেশীয় পিস্তল, কয়েকটি স্প্রিন্টার, স্প্রে, রাইফেল-শটগানের হাতলসদৃশ বিভিন্ন নকশার অন্তত ২৫টি কাঠের টুকরাসহ সরঞ্জাম উদ্ধার করে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, “জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল। তাকে আটক করতে অভিযান চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।”
এমএআর/
