সুস্থধারার তারুণ্য গড়ে তুললেই সামাজিক অবক্ষয় রোধ সম্ভব— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের অভিভাবক পরিষদের সদস্য ও কথাশিল্পী হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, “ফেনীর আলেম-উলামা তরুণদের নিয়ে যে কাজ করছেন তা সত্যিই অনুকরণীয়। তরুণদের নববী আদর্শে উজ্জীবিত করা গেলে একটি সুস্থ ও নৈতিক সমাজ গঠন সহজ হয়ে যাবে।”
আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফেনী সাহিত্য ফোরাম আয়োজিত পাঁচ দিনব্যাপী বইমেলার নির্ধারিত তারুণ্য সম্মেলনে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে ও অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজের অগ্রণী ভূমিকার ওপর জোর দিয়ে মাসউদুল কাদির বলেন,
“মাদকের ভয়ংকর থাবা রোধ করতে এবং অসংযত সংস্কৃতির বিরুদ্ধে তরুণদের সচেতন করতে আলেমদেরকেই নেতৃত্ব দিতে হবে।”
তারুণ্য সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আবদুজ্জাক; পরিচালনা করেন মুফতি কাজী সিকান্দার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মাওলানা ইসমাইল হায়দার, লেখক কবি রেজা হাসান, মুফতি হাসান সানাউল্লাহ, মুফতি উবায়দুল হক খান, মাওলানা মিজানুর রহমান জামীল প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন ইকরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াসিন।
তারুণ্যকে কেন্দ্র করে ব্যতিক্রমী এই সম্মেলন বইমেলাকে আরও প্রাণবন্ত করেছে বলে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।
