ভারতের পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নভজোৎ সিং সিধুর স্ত্রী নভজোৎ কৌর সিধু দাবি করেছেন যে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ পেতে হলে ৫০০ কোটি রুপি প্রয়োজন। যে ব্যক্তি ৫০০ কোটি দিতে পারবে সেই মুখ্যমন্ত্রী হবে। তার এই মন্তব্য ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নভজোৎ কৌর সিধুর এই বক্তব্য দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে। তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো দলকে দেওয়ার মতো টাকা নেই, তবে আমরা চাইলে পাঞ্জাবকে একটি ‘সোনালি রাজ্যে’ রূপান্তর করতে পারি।’
তিনি আরও জানান, যদি কংগ্রেস তাকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে সামনে আনে, তবে তিনি অবশ্যই রাজনীতিতে ফিরে আসবেন।
এদিকে নভজোৎ কৌর সিধুর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি ও আম আদমি পার্টি (এএপি)। উভয় দলই তার অভিযোগকে ‘অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে।
সূত্র: এনডিটিভি ও জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
