৮দিন পর বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরলো

by Abid

যান্ত্রিক ত্রুটির কারণে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। এ ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ইউনিটটি সচল রাখতে দৈনিক ৬০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটটির উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। তবে দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটই সম্পূর্ণরূপে উৎপাদনের বাইরে চলে যায়। পরে টানা আট দিন মেরামত কাজ শেষে প্রথম ইউনিটটি আবার চালু করা হয়। এর আগে গত ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক আরও জানান, শনিবার দুপুর ২টায় প্রথম ইউনিটের বয়লারে ফায়ারিং শুরু করা হয় এবং রাত পৌনে ৯টা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে এবং আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ ইউনিটটি আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222