ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। দিপু ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রবি দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার শ্রমিক দিপুর বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে একদল লোক তাকে মারধর করলে তিনি মারা যান। মৃত্যুর পর উত্তেজিত জনতা তার মরদেহ গাছে ঝুলিয়ে রেখে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সময় বিক্ষোভকারীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিউটি অফিসার রিপন মিয়া আরও বলেন, ‘নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে।’
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপুর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে ডিউটি অফিসার বলেন, ‘আমরা উনার আত্মীয়-স্বজনদের খোঁজ করছি। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
