বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। সড়ক ও রেলপথে রাজধানী ঢাকায় প্রবেশ করবেন তারা।
এদিকে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পৌর বিএনপির সদস্যসচিব মো. আক্তার হোসেন খানের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু।
সভায় আরো উপস্থিত ছিলেন মো. বাহার মিয়া, খোরশেদ আলম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, মহসিন ভূঁইয়া, নূর আহমেদ ভূঁইয়া জাবেদ, হুমায়ুন রহমান ভূঁইয়াসহ প্রমুখ। এ সময় আখাউড়া থেকেও কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়।
ঢাকায় যাওয়া প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় ২০ হাজার নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছে। জেলা সদর থেকে ২০টি বাস, ২০টি মাইক্রোবাস ভাড়া ও তিতাস কমিউটার ট্রেনের পাঁচটি বগি রিজার্ভ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রো ও ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।
এদিকে একই দিন সকালে বুধল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পরামর্শসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এনআর/
