সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে শোকবার্তাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার পুত্র তারেক রহমানের হাতে তুলে দেন।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শ্রদ্ধা জানিয়ে ভারতের পক্ষ থেকে এ শোকবার্তা পাঠানো হয়। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান ড. এস জয়শঙ্কর। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থা ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
টিএইচএ/
