বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামে বেশি পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়ই নিজের মতামত প্রকাশ করে থাকেন। সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।
গত সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ পাবে না, ততদিন ভারতের টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ রাখা উচিত।
এরপর আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশন কনটেন্টের কঠোর সমালোচনা করেন। সেখানে তিনি লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াভিত্তিক নাটক আমাদের সমাজের পারিবারিক ও সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে।
উল্লেখ্য, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির কারণে দল থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।
এর আগেও এ বিষয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তিনি প্রকাশ্যে ভারতকে ধিক্কার জানিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। মুস্তাফিজ ইস্যুতে তারকাদের এমন প্রতিবাদ নতুন করে আলোচনায় এসেছে।
টিএইচএ/
