মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
খুলনায় শিশু সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে দুই দিনের শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০ কিশোর-কিশোরী অংশ নিয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের সিএসএস-আভা সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এ কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালার উদ্বোধন করেন খুলনার শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। তিনি বলেন, “সৎ সাংবাদিকতা জাতিকে এগিয়ে নিতে পারে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যে কারণে শিশুদের সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কে ধারণা নিতে হবে।”
অনুষ্ঠানে শিশুদের শুভেচ্ছা জানান সুজনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “জীবন গড়ায় প্রশিক্ষণের বিকল্প নেই। শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শিশুদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।”
এতে দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, প্রথম আলোর খুলনা অফিস প্রধান উত্তম মণ্ডল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীন।
বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।
প্রথমদিনে শিশু সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, অধিকার, জাতিসংঘ শিশু সনদ, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
যার বয়স এখনও ১৮ বছর হয়নি, যে লিখতে পারে, শিশুদের কথা সবাইকে বলার আগ্রহ যার আছে, সেই যুক্ত হতে পারে হ্যালোর শিশু সাংবাদিকের দলে।
এমএআর/
