১০ দলের সমঝোতা ঘোষণা আসছে, শুক্রবার প্রেস ব্রিফিংয়ের ডাক ইসলামী আন্দোলনের

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

রাজধানীতে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত ঘোষণার প্রক্রিয়া থেকে আপাতত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইরে থাকলেও দলটি জানিয়েছে— সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছানো হয়নি এবং বহুমাত্রিক আলোচনা চলমান রয়েছে।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক লিখিত বার্তায় বলা হয়,
“সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই। বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা এখনো চলছে।”

বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের ‘একবক্স নীতি’কে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মধ্যে প্রত্যাশা তৈরি করেছে। এই পথে কিছুটা অস্বস্তি তৈরি হলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়, “চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবেই জাতিকে অবহিত করবেন।”

একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিং ডেকেছে ইসলামী আন্দোলন

এদিকে নির্বাচনী সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ের ঘোষণা দিয়েছে।

দলটির পাঠানো চিঠিতে বলা হয়েছে—

  • তারিখ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
  • সময়: বিকাল ৩টা
  • স্থান: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়, ৫৫/বি পুরানা পল্টন (৩য় তলা), ঢাকা

এই প্রেস ব্রিফিংয়ে নির্বাচনী সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

সমঝোতার ঘোষণায় অনিশ্চয়তা বাড়ল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাদেই যদি আসন সমঝোতার ঘোষণা আসে, তাহলে ইসলামপন্থী রাজনৈতিক ঐক্যের প্রশ্নে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে। তবে ইসলামী আন্দোলনের সর্বশেষ বক্তব্যে ইঙ্গিত মিলছে— তারা এখনো আলোচনা থেকে সরে যায়নি।

সব মিলিয়ে পরিস্থিতি এখনো তরল। একদিকে ১০ দলের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা প্রক্রিয়া এগোচ্ছে, অন্যদিকে ইসলামী আন্দোলন বলছে— চূড়ান্ত সিদ্ধান্তের সময় এখনো আসেনি। ফলে আগামীকালকের প্রেস ব্রিফিং এবং পরবর্তী আলোচনাই নির্ধারণ করবে ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222