নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরির ঘটনায় এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া টাকার বড় অংশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চাল ও অন্যান্য পণ্য বিতরণ করছিলেন ডিলার মিজানুর রহমান। যোহরের নামাজ আদায়ের জন্য তিনি পাশের মসজিদে গেলে সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রির প্রায় দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর।
ঘটনাটি জানাজানি হলে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রাম থেকে নগদ ১ লাখ ৮১ হাজার ৫০ টাকাসহ অভিযুক্ত রুম্মান সরদার (৩৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক রুম্মান সরদার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত এবং মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন ভুলুর ছেলে।
এ বিষয়ে অভিযুক্তের পিতা মো. লোকমান হোসেন ভুলু বলেন, “আমার ছেলে নেশাগ্রস্ত। তবে ঘটনার বিষয়টি শুনে আমি হতবাক। কেউ অপরাধ করলে তার দায় তাকেই নিতে হবে। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।” পুলিশ আরও জানায়, অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএআর/
