ছাত্র হলের নাম ‘বিজয় ২৪’ ভোটে জয়ী

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হলের নাম পরিবর্তন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে অনুষ্ঠিত মতামত প্রদানের ভোটে ‘বিজয় ২৪’ নামটি জয়ী হয়েছে।আওয়ামী সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে এই নাম চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন
banner

​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট প্রাপ্ত ৩৬৫টি ভোটের মধ্যে ‘বিজয় ২৪’ নামটি পেয়েছে ২৩০ ভোট এবং ‘হযরত শাহ্জামাল (র.)’ নামটি পেয়েছে ১৩২ ভোট। ৩টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ফলে প্রশাসনিকভাবে ছাত্র হলটি এখন থেকে ‘বিজয় ২৪’ নামেই পরিচিত হবে।

নির্বাচন কমিশন থেকে জানা গেছে- হলের মোট ভোটার সংখ্যা ছিল ৬৮৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন শিক্ষার্থী, যা মোট ভোটারের ৫৩.০৫ শতাংশ। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা বিলম্বে বেলা ১১টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত। নির্বাচনে তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকালে মাইকে প্রচারণা চালানো নিয়ে কিছু শিক্ষার্থী অভিযোগ তুললেও দিনভর পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হলটির ভারপ্রাপ্ত প্রভোষ্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীকে আহ্বায়ক করে সাত বিভাগের ৭ জন প্রতিনিধি শিক্ষকের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয়। নির্বাচনে ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। খুব দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে নামটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222