এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসন দেশবাসী দেখেছে। এখন আর নতুন করে উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।”
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
জামালপুর-১(দেওয়ানগঞ্জ -বকশিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট চাইতে গিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, “হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন।” তিনি ভোটারদের প্রতি দেশ ও ইসলামের স্বার্থে সৎ প্রার্থী নির্বাচনের আহ্বান জানান। তিনি আরও বলেন, “বিগত সরকারগুলোর শাসনামলে প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে তা জনগণের জানা। তাই মিথ্যা আশ্বাসের রাজনীতি পরিহার করার সময় এসেছে। ভোট হলো জনগণের আমানত। সঠিক জায়গায় ভোট দিলে সেটি পরকালে শান্তির উসিলা হতে পারে।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদার এর সভাপতিত্বে নির্বাচনী এই জনসভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নুরুল করিম আকরাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মো. হোসাইন আহমেদ, জামালপুর জেলা শাখার মুফতী মোস্তফা কামাল, মাওলানা সুলতান মাহমুদ সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
এমএআর/
