বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই কথা বলেন।
উল্লেখ্য, এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিলে সমবেত হন এবং স্লোগান দিতে থাকেন।
জামায়াত আমির বৈষম্যহীন ও সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামীর প্রজন্মের জন্য পারস্পরিক হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা চাই।” তিনি আরো যোগ করেন, “বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে।”
রাজনীতি বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।”
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আল্লাহর দরবারে দোয়া করি ১২ তারিখ যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের দুঃখ–দুর্দশার রাজনীতির কবর রচনা হয়ে নতুন রাজনীতির সূর্য উদয় হোক।”
এবার জামায়াতের নেতৃত্বের এই শান্তির বার্তায় কি নতুন রাজনীতির সূচনা হবে? সময়ই বলবে।
এমএআর/
