ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আপনারা দেখেছেন জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে। আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফালানো যাবে না। আমরা একা হয়ে যায়নি, আমাদের সঙ্গে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইনস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম তার বক্তব্যে স্পষ্ট করেন যে, ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে কোনো রাজনৈতিক জোট বা ক্ষমতা দখলের লড়াইয়ে তারা অংশ নেবেন না। তিনি বলেন, যখন দেখা গেল জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা কুক্ষিগত করে প্রচলিত নিয়মেই দেশ চালাতে চায়, তখনই ইসলামী আন্দোলন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। মানবতার সুরক্ষা এবং বাংলার জমিনে ইসলামের ঝাণ্ডা সমুন্নত রাখতে ইসলামী আন্দোলন ‘হাতপাখা’ প্রতীক নিয়ে একাই নির্বাচনের ময়দানে লড়াই করবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমরা একা নই, আমাদের সাথে মহান আল্লাহ, ওলামায়ে কেরাম এবং এদেশের সাধারণ তৌহিদী জনতা রয়েছে।
নরসিংদী সদর আসনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আনোয়ার পারভেজ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাও. ছাইফুল্লাহ প্রধান, নরসিংদী-৩ (শিবপুর) আসনের মাও. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের হাফেজ মাওলানা বদরুজ্জামানসহ আরও অনেকে। বক্তারা প্রত্যেকেই ইসলামের নীতি ও আদর্শের ওপর ভিত্তি করে সমাজ পরিবর্তনের ডাক দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
টিএইচএ/
