এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে শুরু করেছেন। প্রবাসে থেকেও প্রথমবারের মতো নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত ও গর্বিত র্যামিটেন্স যোদ্ধারা। এরপর থেকে নিবন্ধন প্রক্রিয়া সহজ ও বাকি সব নির্বাচনেও ভোট দেয়ার সুযোগ চান তারা।
গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই জামালপুরের প্রবাসীরা ভোট দিতে শুরু করেছেন। পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের পর ব্যালট পেয়ে ভোট দিচ্ছেন তারা। শত ব্যস্ততার মধ্যেও নিজ নিজ আসনে খোঁজ খবর নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে পেরে আনন্দিত ও গর্বিত প্রবাসী যোদ্ধারা।
জামালপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের তথ্যমতে – জেলার দেড় লাখের বেশি ভোটার প্রবাসে অবস্থান করছেন। এর মধ্যে পোস্টাল ভোটে নিবন্ধনকারী ১৬ হাজার ৩১৯ জনের মধ্যে অনুমোদন পেয়েছেন ১৬ হাজার ২৫৫ জন। অনুমোদিত প্রবাসী ভোটারের মধ্যে জামালপুর-১ আসনে দুই হাজার ৮২০ জন, জামালপুর-২ আসনে দুই হাজার ২৭ জন, জামালপুর-৩ আসনে চার হাজার ৮১৬ জন, জামালপুর-৪ আসনে দুই হাজার ৪৫৫ জন এবং জামালপুর-৫ আসনে চার হাজার ১৭৯ জন।নিবন্ধনের দিক থেকে এগিয়ে জামালপুর-৩ আসন, আর পিছিয়ে রয়েছে জামালপুর-২ আসনের প্রবাসীরা।
বিভিন্ন আসনের কয়েকজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার সাথে কথা বললে তারা জানান, প্রথমবারের মতো আমরা প্রবাস থেকেও নিজের দেশের নির্বাচনে অংশগ্রহন ও আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছি। এবারের নির্বাচনে ভোট দিতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে। বিদেশের মাটিতে বসে এভাবে ভোট দিতে পারবো, এটা কখনো চিন্তাও করতে পারিনি। তবে নিবন্ধনের বিষয়ে প্রচারণার ঘাটতি ও প্রক্রিয়া সহজ না হওয়ায় প্রায় এক লাখ ৩৪ হাজার প্রবাসী ভোটার তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। তাই পরের বার থেকে পোস্টাল ভোট নিবন্ধনের বিষয়টি আরো সহজ করা, প্রচার- প্রচারনা বৃদ্ধি এবং স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দেয়া দাবি জানান প্রবাসীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর-৫ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন- ‘নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের প্রতি আমার আবেদন, যাতে প্রবাসীরা স্বচ্ছতার সাথে ভোট দিতে পারে। তাদের ভোট সঠিকভাবে যথাস্থানে গননা করা হয়। এক্ষেত্রে কেনো ব্যাত্তয় যেন না ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর -৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. ওয়ারেস আলী মামুন বলেন, প্রবাসীদের মহামূল্যবান ভোট সঠিকভাবে গননা করতে হবে। এতে যেন কোন প্রকার গাফিলতির সৃষ্টি না হয়। যাতে পরবর্তীতে প্রবাসীরা ভোট দিতে আগ্রহী হয়।
এমএআর/
