ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি বিএনপি: তানভীর আহমেদ রবিন

by Abid

 নিজাম উদ্দিন স্বাধীন, স্টাফ রিপোর্টার>>

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই ক্ষমতার মোহে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি, বরং বিএনপির মূল আদর্শ হলো মানুষের অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা।

বিজ্ঞাপন
banner

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি কলেজ রোড এলাকায় আয়োজিত এক পথসভায় ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এসব কথা বলেন।

পথসভায় রবিন এলাকার তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, নিছক মৌখিক প্রতিশ্রুতিতে পরিবর্তন আসে না, প্রকৃত বদল আনতে প্রয়োজন নিরলস পরিশ্রম ও কর্মতৎপরতা। তিনি উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ও ৯টি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে দলটির প্রধান লক্ষ্য হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করা। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি সেন্টার ও হাসপাতাল নির্মাণ এবং মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া পরিবেশ রক্ষায় দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ ও প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তানভীর আহমেদ রবিন বলেন, জুরাইন ও কদমতলী এলাকা আজ ডেঙ্গুর অভয়ারণ্যে পরিণত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন ও দুর্নীতির কারণে জলাবদ্ধতা এখানকার চিরস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ রাস্তায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকার সমস্যা সমাধানে নিজের ঘোষিত ২০ অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই অঙ্গীকারগুলো স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই তৈরি করা হয়েছে এবং নির্বাচিত হলে বড় সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিগত সরকারের সমালোচনা করে রবিন বলেন, গত ১৮ বছর ধরে আলেম সমাজ ও মুরুব্বিদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি; বরং অন্যায়ের প্রতিবাদ করলেই তাদের ওপর জঙ্গিবাদী তকমা লেপে দিয়ে কারারুদ্ধ করা হয়েছে। এই অপসংস্কৃতি দূর করে মুক্ত আলোচনার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। এছাড়া নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা জনগণকে সঙ্গে নিয়ে একটি দায়বদ্ধ ও জনবান্ধব সরকার গঠনে তিনি ভণ্ড ও মুনাফেকদের ভোটের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222