জামালপুরে তরুণ ভোটারদের মনে যেমন উচ্ছ্বাস তেমনি শঙ্কা

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রায় দেড় লাখ নতুন ভোটার। তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে যেমন আছে উচ্ছ্বাস, তেমনি ভোটের পরিবেশ ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শঙ্কাও থেকে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

জামালপুরের পাঁচটি আসনে এবার পুরুষ ভোটার ১০ লাখ ৬৮ হাজার ১৯৭ জন এবং নারী ভোটার ১০ লাখ ৬৬ হাজার ৮৮১ জন। মোট ভোটার ২১ লাখ ৩৫ হাজার ৯৮ জন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ১ লাখ ৩৫ হাজার ১৩২ জন ভোটার বেশি। মোট ভোটারের একটি বড় অংশই তরুণ। এ কারণে তরুণ ভোটারদের গুরুত্ব দিয়ে দেখছেন প্রার্থীরা। নির্বাচিত হলে তরুণদের জন্য কাজ করার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক শেষ বর্ষের রেহেনা পারভিন ২০২০ সালে ভোটার হলেও কেন্দ্রের পরিবেশ নিয়ে আশ্বস্ত হতে না পারায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে যাননি। এবার প্রথমবার ভোট দিতে আগ্রহী তিনি।

তিনি বলেন, “নির্বাচনের দিন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ থাকলে অবশ্যই ভোট দিতে যাব। তবে এবারের নির্বাচনে ভোটের উৎসব চোখে পড়ে না। ভবিষ্যতের জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে আমার একটি ভোট ভূমিকা রাখবে—এ বিশ্বাস থেকেই ভোট দিতে চাই। তবে অতীত অভিজ্ঞতার কারণে শঙ্কাও থেকে যাচ্ছে।”

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তরুণ ভোটার বলেন, “আমরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। অতীতের মতো কেন্দ্র দখল বা জাল ভোটের পুনরাবৃত্তি দেখতে চাই না। ২৪ শের গনঅভ্যুত্থানের পর সুষ্ঠভাবে নিজেদের ভোট প্রয়োগের মাধ্যমে দায়িত্বশীল সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি – এটাই আমাদের প্রত্যাশা।”

তারা আরও বলেন, “আমরা এবারই প্রথম ভোটার হয়েছি। যিনি উন্নয়ন করতে পারবেন বলে মনে করব, তাকেই ভোট দেব। তবে নির্বাচনের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিলেও, পরে আর খোঁজ পাওয়া যায় না—এটা হতাশার। এই নির্বাচন নিয়ে আমরা খুবই উৎসাহী। তবু মনে শঙ্কা কাজ করে—নিজেদের ভোট নিজেরা দিতে পারব তো?”

সরকারি জাহেদা শফির মহিলা কলেজ থেকে স্নাতক শেষ করা তৃপ্তি আক্তার বলেন, “২০২২ সালে ভোটার হলেও পরিবেশ না থাকায় ভোট দিতে পারিনি। এবার ভোট কেন্দ্রে যাওয়া যেন ভয়ের না হয়ে, নাগরিক অধিকারের স্বাভাবিক চর্চা হয়—এটাই প্রত্যাশা। এবার ভোট দিতে চাই, কারণ আমার একটি ভোটই দায়িত্বশীল সরকার গঠনে সহায়ক হতে পারে।”

জামালপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, “এটি আমার জীবনের প্রথম ভোট। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে অনেকের মতো আমিও একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি। তবুও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা থেকেই যায়।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222