ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের চার জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব এলাকায় শেষ দফা সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রথমে নওগাঁ সফরে যাবেন জামায়াত আমির। বেলা ১১টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন।
দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এসব জনসভায় ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। পরে তিনি নাটোরেই রাত্রিযাপন করবেন। পরদিন (৬ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।
টিএইচএ/
