হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোনের সহ-সভাপতি মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী (রহ.)-আজ দুপুর ১২ টায় রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্বাচনী জনসভা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এই গভীর শোক জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা নোমানী (রহ.) ছিলেন একজন নিষ্ঠাবান আলেমে দ্বীন, ত্যাগী সংগঠক ও আদর্শিক নেতৃত্বের প্রতীক। দ্বীনি খেদমত, সাংগঠনিক কার্যক্রম এবং ইসলামি আন্দোলনের প্রতিটি পর্যায়ে তাঁর অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয় ও স্মরণীয়। তাঁর ইন্তেকালে হেফাজতে ইসলাম একজন অভিজ্ঞ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বশীল ব্যক্তিত্বকে হারাল।
নেতৃদ্বয় আরও বলেন, মরহুমের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি।আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।
হাআমা/
