নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রকে কেন্দ্র করে সংঘর্ষে বিটিভির এক রিপোর্টারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব আহত হন। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ৩০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যানবাহনের অভাবে অনেককে কেন্দ্রের কাছাকাছি চিকিৎসা দেওয়া হয়েছে।
হান্নান মাসুদের একাধিক সমর্থক অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় তাঁদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।”
এমএআর/
