৩০ বছর পর জামালপুর সদরে বিএনপির জয়

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৫ (সদর) আসনে সর্বশেষ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল বিএনপি। বিএনপির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, মুক্তিযোদ্ধা সিরাজুল হক ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সাল থেকে টানা ২০২৪ পর্যন্ত সাতটি নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করায় বিএনপি জয়শূন্য ছিল। দীর্ঘ ৩০ বছর পর আওয়ামী লীগের আধিপত্য ভেঙে জামালপুর-৫ সংসদীয় আসনে বিএনপি জয় পেয়েছে।

বিজ্ঞাপন
banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে ১৬২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সাত্তার ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট পেয়েছেন। এতে ৮৬ হাজার ১৪৩ ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বিজয়ী হন।

এ নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, “এই বিজয় শুধু বিএনপির বিজয় নয়, জামালপুরবাসীর বিজয়। এই বিজয় গণতন্ত্রের বিজয়। জামালপুর সদরে আমরা দীর্ঘ ৩০ বছর উন্নয়নবঞ্চিত ছিলাম। এখন আমরা সবাই মিলে একটি সুন্দর জামালপুর গড়ে তুলব।”

ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। জেলায় ৬২৩টি ভোটকেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222