আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশ থেকে ফিরে আসা আফগান শরণার্থীদের মানবিক ও উন্নয়ন সহায়তা নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর সঙ্গে বিশেষ বৈঠক করেছেন দেশটির অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার।
বুধবার (৮ জুলাই) কাবুলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে জানা যায়, বৈঠকে আফগান শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবর্তনকারীদের জন্য জরুরি মানবিক সহায়তা এবং আফগানিস্তানের জনগণের টেকসই উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার রোডম্যাপ নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে মোল্লা আব্দুল গনি বারাদার আফগান শরণার্থীদের পাশে দাঁড়ানো এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধন্যবাদ জানান। তবে একই সাথে তিনি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ওপর জোর দিয়ে বলেন, “প্রত্যাবর্তনকারী এবং দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়, শিক্ষা, বিদ্যুৎ, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এ জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত তাদের সহায়তার একটি বড় অংশ কেবল জরুরি ত্রাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থায়ী উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা।”
এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের (ইসলামিক আমিরাত) বর্তমান উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন। একই সাথে তিনি উপ-প্রধানমন্ত্রী বারাদারকে আশ্বস্ত করে বলেন, আফগান জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং টেকসই পুনর্বাসনের লক্ষ্যে আরও বড় আকারের আন্তর্জাতিক সহায়তা জোগাড় করতে ইউএনএইচসিআর তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিবেশী দেশগুলো থেকে লাখ লাখ আফগান নাগরিক নিজ ভূমিতে ফিরে আসার এই সংকটময় মুহূর্তে জাতিসংঘের এই আশ্বাস ও আফগান প্রশাসনের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
