জামালপুরে বিএনপির সংবাদ সম্মেলন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।

জামালপুর সদরের কাশারুপাড়া এলাকায় বিএনপির দুই নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে জামায়াতের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের রশিদপুর এলাকায় জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিকেলে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ফারুক আহম্মেদের দোকান লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পাশাপাশি বাঁশচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচারের দোসর ও নির্বাচনে পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। জামায়াতে ইসলামী নিজেরাই হামলা চালিয়ে উল্টো বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।” এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান।

তিনি দাবি করেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সদর আসনসহ জামালপুরের পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করায় ভোটারসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222