আলীকদমে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

by Fatih Work

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন কানামাঝি ঘাট এলাকায় নিজ বাড়ি থেকে রহিমা বেগম (৭০)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী।

বিজ্ঞাপন
banner

তাৎক্ষণিকভাবে হত্যার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক সন্দেহের ভিত্তিতে দুই পুত্রবধূসহ চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ছেলে নুরুল আমিন জানান, তার মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন এবং চলাফেরা করতে পারতেন না। তিনি বলেন, “আমার মা অসুস্থ ও অসহায় অবস্থায় ছিলেন। এ বয়সে তাকে এভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

পরিবারের সদস্যদের দাবি, শারীরিকভাবে অক্ষম হওয়ায় রহিমা বেগমের কারও সঙ্গে বিরোধে জড়ানোর প্রশ্নই ওঠে না। তাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

প্রত্যক্ষদর্শী মো. জসিম উদ্দিন জানান, বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222